গুলশানের বাসায় শেষবারের মতো বেগম জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর কড়া নিরাপত্তার মধ্যে তাকে শেষবারের মতো গুলশানের একটি বাসভবনে নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মরদেহটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে স্বজন ও দলের শীর্ষ নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানান।

এ সময় পুরো এলাকা ঘিরে ফেলা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থায়। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। গুলশান ও আশপাশের এলাকায় যান চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

এর আগে সকাল ৯টার কিছু আগে লাল-সবুজের জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়ি এভার কেয়ার হাসপাতাল থেকে রওনা হয়। রাস্তায় দাঁড়িয়ে বহু মানুষ চোখের জলে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান।

আজ বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা পড়াবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানাজা শেষে তাকে সংসদভবন এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।