পাকিস্তানের বোমা হামলায় আফগানিস্তানে নিহত ১০, উত্তেজনা ফের চরমে

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে তালেবান প্রশাসন। আল জাজিরা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ লিখেছেন, মধ্যরাতে (স্থানীয় সময়) খোস্তের গুরবুজ জেলায় স্থানীয় বাসিন্দাদের বাড়িতে বোমা নিক্ষেপ করে পাকিস্তানি বাহিনী। এতে ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারান। ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো বাড়ি।

মুজাহিদ আরও দাবি করেন, একই রাতে পূর্বাঞ্চলের কুনার ও পাকতিকা প্রদেশেও পাকিস্তানের বিমান হামলা হয়েছে। এসব হামলায় অন্তত চারজন বেসামরিক আহত হন। তবে পাকিস্তান এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

নাজুক যুদ্ধবিরতিতে নতুন চাপ

দুই দেশের মধ্যে চলমান নাজুক শান্তি-আলোচনার মধ্যেই নতুন এই হামলা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। সীমান্ত এলাকায় অক্টোবরের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ৭০ জন নিহত হওয়ার পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

তবে ইস্তানবুলে সাম্প্রতিক আলোচনায় স্থায়ী সমাধান আসেনি। বিশেষত পাকিস্তানের দাবি, আফগানিস্তান যেন পাকতালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্যদের দমন করে।

পাকিস্তানে হামলার পরদিনই আফগানিস্তানে বোমাবর্ষণ

পেশোয়ারে সোমবার পাকিস্তানের ফেডারেল কনস্ট্যাবুলারি সদরদপ্তরে আত্মঘাতী হামলায় কয়েকজন নিহত হওয়ার পরই সীমান্ত উত্তেজনা বাড়তে থাকে। হামলার দায় স্বীকার করেছে টিটিপির ঘরানার সংগঠন জামাতুল আহরার। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে হামলাকারীরা আফগান নাগরিক।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ জারদারি আবারও অভিযোগ করে বলেন, “বিদেশি মদদপুষ্ট খারিজি উপদ্রব” বা টিটিপির নেতৃত্ব আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে।

আরেকটি আত্মঘাতী হামলা মাসখানেক আগে ইসলামাবাদেও ঘটে, যাতে অন্তত ১২ জন নিহত হয়। পাকিস্তানের দাবি, এই হামলার পরিকল্পনাও হয়েছিল আফগানিস্তানের ভেতরে থাকা টিটিপি সেল থেকে।

দুই দেশের সম্পর্ক টানাপোড়েনে ভরা

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই অবনতি হয়েছে। পাকিস্তান যেখানে অভিযোগ করছে টিটিপি যোদ্ধারা আফগানিস্তানকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে, সেখানে তালেবান পাল্টা দাবি করছে পাকিস্তানও আফগানবিরোধী গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দিচ্ছে।

খোস্তের সর্বশেষ প্রাণহানি সেই দীর্ঘস্থায়ী অবিশ্বাস ও সংঘাতকে আবারও উস্কে দিল বলেই মনে করছেন বিশ্লেষকেরা।