পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে টেনেহিঁচড়ে তুলে নেওয়ার অভিযোগ

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন আলিমা খান, নওরিন নিয়াজি ও উজমা খানকে আটক করেছে পুলিশ।

কারাবন্দী ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে তাঁরা কারা ফটকের সামনে অবস্থান শুরু করলে মঙ্গলবার রাতে জোড়পূর্বক তাদের তুলে নেওয়া হয়।

পিটিআইয়ের অভিযোগ, পুলিশ প্রথমে তিন বোনের সঙ্গে অশোভন আচরণ করে এবং পরে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। দলটির দাবি, কারা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই পরিবারসহ দলীয় নেতাদের ইমরানের সঙ্গে দেখা করতে দিচ্ছে না, যা আদালতের আদেশ লঙ্ঘনের শামিল।

দলটির পক্ষ থেকে এক্সে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায়, নওরিন নিয়াজি মানসিক চাপে কাঁপছিলেন এবং নারী কর্মীরা তাঁকে শান্ত করার চেষ্টা করছিলেন। আরেক ভিডিওতে নওরিন অভিযোগ করেন, নারী পুলিশ সদস্যরা তাঁর চুল টেনে মাটিতে ফেলে দেন। আলিমা খানও জানান, নওরিনকে মেঝেতে টেনে নেওয়ার সময় তিনি প্রায় অচেতন হয়ে পড়েছিলেন।

পিটিআই বলছে, রাতভর প্রায় ১২ ঘণ্টা অপেক্ষার পরও ইমরানের পরিবারকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। বরং কারাগারের সামনে আলো বন্ধ করে অন্ধকার তৈরি করা হয়, পানি ঢেলে এলাকা ভিজিয়ে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত হঠাৎ অভিযানে তিন বোনকে তুলে নিয়ে যাওয়া হয়। দলের অভিযোগ, “আসিম মুনিরের নোটিফিকেশন স্বাক্ষরিত হয়নি” এই অজুহাতে পরিবারকে সাক্ষাৎ থেকে বঞ্চিত করা হচ্ছে।

তবে রাওয়ালপিন্ডি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, কোনো গ্রেপ্তার বা কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু বিক্ষোভকারীরা যে সড়কটি অবরোধ করে ছিলেন, সেখান থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় পিটিআই আবারও প্রশ্ন তুলেছে—আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন ইমরান খানকে পরিবারের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না এবং কেন তাঁদের ওপর বারবার দমন-পীড়ন চালানো হচ্ছে।