রাজধানী ঢাকায় চলাচলকারী বাসগুলো শিগগিরই একক ব্যবস্থার অধীনে চলবে। এতে বাস কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
ঢাকার বাসগুলো একক ব্যবস্থার অধীনে চললে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে যানজট, ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা কমবে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়বে। গণপরিবহনব্যবস্থা আরও কার্যকর হবে।
পোস্টে বলা হয়, ঢাকার বাস দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। ফলে যাত্রীরা প্রতিদিন যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ ও শারীরিকভাবে সক্ষম, তাঁরা কোনো রকমে বাসে উঠতে পারেন। কিন্তু নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়। এ ছাড়া ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলাচল করা বাস। এ কারণে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হয়। প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়।
এ ব্যবস্থায় পরিবর্তন আসছে উল্লেখ করে পোস্টে বলা হয়, সব বাস একক ব্যবস্থার অধীন চলবে। পোস্টে বলা হয়েছে, নতুন ব্যবস্থা চালু হলে রাজধানীতে বাসে চলাচলের সময় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না। ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না। ঢাকার লাখ লাখ মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়।
