যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ব্যাপক চাপ তৈরি হয়েছে।
এতে, হাজার হাজার ফ্লাইট বাতিল ও দেরিতে ছাড়ছে, বিপাকে পড়েছেন যাত্রীরা। স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত দেশজুড়ে প্রায় দুই হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
শুধু সকালে ৪০টি বিমানবন্দরে ৮ শতাধিক ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে ফ্লাইটট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার। সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে স্কাইওয়েট এয়ারলাইন্স ১৭০টির বেশি। সাউথওয়েস্ট বাতিল করেছে প্রায় ১২০টি এবং ইউনাইটেড এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইট।
এদিকে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের শাটডাউন ৩৬তম দিনে পড়েছে। বাজেট সংকটে সরকারি কাজকর্মে অচলাবস্থা তৈরি হয়েছে। ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০ হাজার ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এজেন্টকে বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে।
পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, ৩০টি প্রধান বিমানবন্দরের অর্ধেকেই কর্মী সংকট দেখা দিয়েছে, যা ফ্লাইট বাতিলের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
