গণহত্যার অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রীসহ ৩৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুসহ ৩৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটরের অফিস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তালিকাভুক্ত ৩৭ জনের মধ্যে রয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তবে পুরো তালিকা প্রকাশ করেনি দেশটি।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে জিম্মি আরও এক ইসরাইলির মরদেহ হস্তান্তর করেছে হামাস। তবে, গাজায় যুদ্ধবিরতি চলার পরও দক্ষিণের খান ইউনূস এলাকায় বিমান ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

এছাড়া দক্ষিণ গাজায় ইসরাইলের নিয়ন্ত্রণ রেখার পেছনে আটকে থাকা দেড়শ’র মতো হামাস যোদ্ধা অস্ত্র সমর্পণ করে মুক্ত হওয়ার বিষয়ে আলোচনা চলছে।

গাজায় যুদ্ধবিরতি ভালভাবেই কার্যকর হচ্ছে জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সমন্বিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গাজায় মোতায়েন হবে।

তবে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে গাজায় হামাসের সব টানেল ধ্বংসের নির্দেশ দিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, এই সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১০ সদস্যের মধ্যে একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে গাজায় অন্তর্বর্তী সরকার ব্যবস্থা ও ২০ হাজারের বেশি সৈন্য মোতায়েনের ব্যাপারে কথা রয়েছে। (ফুটেজ)