খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়

নিজস্ব প্রতিবেদক:

সংকটাপন্ন অবস্থা কাটেনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দলের নেতারা জানিয়েছেন, তার জ্ঞান রয়েছে,তবে অবস্থা স্থিতিশীল নয়, প্রয়োজন উন্নত চিকিৎসা। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর জন্য দোআ চাওয়া হয়েছে।

এর আগে গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে পরে সিসিইউতে নেয়া হয়।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও অবস্থা সংকটাপন্ন। তাঁর উন্নত চিকিৎসা প্রয়োজন। শুক্রবার রাতে হাসপাতালের সামনে ভিড় করেন উদ্বিগ্ন বিএনপির নেতাকর্মীরা।

বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বেগম জিয়ার চিকিৎসার খোঁজ নিতে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, অবস্থা ভালো নেই খালেদা জিয়ার। এছাড়াও খালেদা জিয়াকে দেখতে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান, খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে আসেন ঢাকা ১৭ আসনের জামায়াতের প্রার্থী এস এম খালিদুজ্জামান।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস,লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে গিয়ে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। গত । এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।