ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলেছেন।
এই দুই নেতা রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতায় দ্রুত যুদ্ধ থামানোর বিষয়ে জোর দিয়েছেন।
মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানে হামলা শুরুর পর ইরানও ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালাচ্ছে।
আঞ্চলিক সংঘাতে রূপ নেয়া এই যুদ্ধে ইতোমধ্যে শত শত মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে বহুমুখী সংকট তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে ট্রাম্প এবং পুতিন ‘খোলামেলা ও গঠনমূলক’ আলোচনা করেছেন, জানিয়েছে ক্রেমলিন।
পুতিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ জানান, আলোচনায় প্রধান গুরুত্ব দেওয়া হয় ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং ইউক্রেন ইস্যু সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চলমান দ্বিপাক্ষিক আলোচনার ওপর।
উশাকভ বলেন, “ইরান সংঘাত দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে শেষ করার লক্ষ্যে পুতিন কয়েকটি প্রস্তাব তুলে ধরেন।
“এর মধ্যে উপসাগরীয় দেশগুলোর নেতা, ইরানের প্রেসিডেন্ট এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে তার সাম্প্রতিক যোগাযোগের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।”
এছাড়া দুই নেতা বৈশ্বিক তেলবাজারের প্রেক্ষাপটে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন বলে জানান উশাকভ।
