রমজানে দ্রব্যমূল্য নিয়ে কেউ কালোবাজারি করলে তাদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার হুমকি দিয়েছেন ধর্মমন্ত্রী।
বুধবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে দ্রব্যমূল্য নিয়ে সতর্ক বার্তা দেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বাংলাদেশে রমজানে সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর অভিযোগ বহু বছরের।
এ বছরও রোজার আগে বিভিন্ন পণ্যের বাজার চড়েছে।
এ বিষয়ে মন্ত্রী বলেন, “রোজাকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ে কালোবাজারি করলে তাদেরকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে।
“দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে সরকার।”
চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে।
সে হিসেবে দক্ষিণ এশিয়ার দেশটিতে বৃহস্পতিবার রমজানের রোজা শুরু হবে।
