ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার ‘পরিকল্পনা’ সৌদি আরবের

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন-ইসরায়েলের সঙ্গী হওয়ার পরিকল্পনা করছে সৌদি আরব।

মুসলমানদের সম্প্রদায়গত শিয়া-সুন্নি বিরোধ বহু বছর ধরে রাজনৈতিকভাবে সৌদি আরব ও ইরানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।

ইয়মেনের নিয়ন্ত্রণ নিয়ে ইরানের প্রক্সি গ্রুপ হুতি বিদ্রোহীদের সঙ্গেও লড়তে হয়েছে রিয়াদকে।

চলমান যুদ্ধে সৌদি আরব এখনো পর্যন্ত সরাসরি না জড়ালেও ইরানের হামলা ঠেকাতে হচ্ছে দেশটিকে।

এরইমধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রকে ইরানে আরও ব্যাপক হামলা চালানোর অনুরোধ জানিয়েছেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সৌদি আরব নিজেও ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার পরিকল্পনা করছে।

রিয়াদের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব মনে করে- ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার একটি ঐতিহাসিক সুযোগ।

সৌদি আরব কেন ইরানের বিরুদ্ধে?

বিশ্লেষকরা মনে করেন, ইরান যুদ্ধ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পিছিয়ে গেলে মধ্যপ্রাচ্যে তেহরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে।

আর ইরান যদি হেরে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে এই অঞ্চলে সৌদি আরবের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাবে।

তারা মনে করেন, সুন্নী মুসলিমদের নেতৃত্বে থাকা সৌদি আরব তার নিরাপত্তার জন্য শিয়া নেতৃত্বাধীন ইরানকে প্রধান হুমকি হিসেবে দেখছে।