জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর নর্দার্ন সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং শেল কাতার যৌথভাবে ৭৫০ শ্রমিকের অংশগ্রহণে ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করেছে।
মঙ্গলবার আল খোরের বারওয়া ওয়ার্কার্স রিক্রিয়েশন কমপ্লেক্সে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
কাতারের উত্তরাঞ্চলে কর্মরত ১৪টি বৃহৎ প্রতিষ্ঠানের শ্রমিকরা এতে অংশ নেন। বারওয়া রিয়েল এস্টেট গ্রুপ ও ওয়াসিফ কোম্পানির সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার বিভাগ এবং কাতার পুলিশ স্পোর্টস ফেডারেশনের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম, দলীয় ব্যায়াম, বিনোদনমূলক আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতা এবং সচেতনতামূলক সেশন অন্তর্ভুক্ত ছিল।
এসব সেশনে শারীরিক কার্যক্রমের গুরুত্ব এবং শারীরিক ও মানসিক সুস্থতায় এর ভূমিকা তুলে ধরা হয়। একই সঙ্গে জাতীয় ক্রীড়া দিবসের লক্ষ্য এবং কাতারের একটি সুস্থ ও সক্রিয় সমাজ গঠনের ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে খেলাধুলাকে জীবনাচারের অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
নর্দার্ন সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্নেল আহমেদ সাদ আল মোহান্নাদি বলেন, এ ধরনের আয়োজন নিরাপত্তা ও সামাজিক দিকের সমন্বয়কে প্রতিফলিত করে। এটি শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে, যা সামাজিক স্থিতিশীলতা জোরদার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা ও জীবনমান উন্নয়নে সহায়ক।
শেল কাতারের করপোরেট রিলেশনস বিভাগের মহাব্যবস্থাপক হুসেইন আল-হিজ্জি বলেন, জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ‘বেদার ইনিশিয়েটিভ’-এর কার্যক্রম আয়োজন শেল কাতারের কমিউনিটি উন্নয়ন ও শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।
জাতীয় কর্মসূচিতে শ্রমিকদের অংশগ্রহণ তাদের মধ্যে সম্পৃক্ততার অনুভূতি বাড়ায় এবং একটি সমন্বিত ও টেকসই কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়তা করে।
বারওয়া রিয়েল এস্টেট কোম্পানির করপোরেট কমিউনিকেশনস পরিচালক আলী শাহিন আল কুওয়ারি বলেন, এ আয়োজনে অংশগ্রহণ বারওয়ার জাতীয় ও সামাজিক উদ্যোগে সমর্থনের প্রতিফলন। পাশাপাশি শ্রমিকদের জন্য উপযোগী ক্রীড়া সুবিধা এবং ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে জনস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
আয়োজকেরা জানান, জাতীয় দিবস উদ্যাপনে এ ধরনের উদ্যোগ প্রাতিষ্ঠানিক সমন্বয় ও কমিউনিটি অংশীদারিত্বের চেতনা তুলে ধরে। একই সঙ্গে জাতীয় ক্রীড়া দিবসের লক্ষ্য অর্জনে এবং স্বাস্থ্য ও টেকসই উন্নয়নের ধারণা প্রচারে ভূমিকা রাখে।
উল্লেখ্য, ‘বেদার ইনিশিয়েটিভ’ শেল কাতার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথভাবে পরিচালিত একটি উল্লেখযোগ্য সামাজিক উদ্যোগ। এর লক্ষ্য শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি, জাতীয় কর্মসূচিতে সম্পৃক্ত করা এবং তাদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা। পাশাপাশি কাতারে নিরাপত্তা ও সুরক্ষা সচেতনতা জোরদার এবং টেকসই সামাজিক উন্নয়নেও এ উদ্যোগ ভূমিকা রাখছে।
