বাংলাদেশে নির্বাচনের ফল আসার পর থেকে বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে।
এর মধ্যে মুন্সিগঞ্জে ১ জনের প্রাণহানির ঘটনাও ঘটেছে।
শুক্রবার বিকালে মুন্সিগঞ্জ ৩ আসনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘাতে আরও ১০ জন আহত হয়েছেন।
একই পরিবারের আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাতে একজনের মৃত্যু হয়।
নিহত জসিম উদ্দিনের পরিবার বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মহিউদ্দিনের সমর্থক।
এই আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন জয়ী হওয়ার পর বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠেছে।
নিহতের ভাই মসিহরের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতা শাকিল দেওয়ানের নেতৃত্বে ৫০-৬০ জন ব্যক্তি তাদের বাড়িতে হামলা চালায়।
তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন শাকিল।
ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা চালানোর কথা জানিয়েছে পুলিশ।
