নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা অভিযোগটি আনুষ্ঠানিকভাবে মামলায় রূপান্তরিত হয়েছে। এ মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ মামলাটি নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পরিপ্রেক্ষিতে ডিবি হেফাজতে থাকা আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সংশ্লিষ্ট থানা থেকে তদন্তকারী কর্মকর্তা এসে তাকে আদালতে সোপর্দ করবেন।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগটি দায়ের করেন। পরবর্তীতে সেই অভিযোগ যাচাই-বাছাই শেষে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
মামলার এজাহারে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পাশাপাশি আরও দুজনের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তারা হলেন মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
এদিকে, পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৮টার দিকে ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে চলমান তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
