বিনামূল্যে স্বাস্থ্যসেবা, তরুণদের ঋণ দেয়াসহ যেসব প্রতিশ্রুতি দিল জামায়াত

ক্ষমতায় গেলে লাখ লাখ তরুণকে বিনা সুদে ঋণ প্রদান ও প্রশিক্ষণ দেয়ার মত একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে দলটির ‘পলিসি সামিটে’ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য তুলে ধরা হয়।

জামায়াতে ইসলামী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ছাড়াও ট্যাক্স-ভ্যাট কমানো, সব সেবা এক কার্ডে চালুর প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়াও চাকুরি পাওয়া পর্যন্ত সময়ে ৫ লাখ গ্রাজুয়েটকে সর্বোচ্চ ২ বছর মেয়াদি মাসিক সর্বোচ্চ ১০ হাজার টাকা, মেধা ও প্রয়োজনের ভিত্তিতে ১ লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০ হাজার টাকা এবং প্রতিবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য একশ’ শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষাঋণ প্রদানের কথা বলেছে দলটি।

জামায়াত বলছে, ৬০ বছরের বেশি ও ৫ বছরের কম বয়সীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

৫ বছরে ১ কোটি তরুণকে বাজারভিত্তিক স্কিল প্রশিক্ষণ দেয়া, প্রতি জেলায় ‘জেলা জব ইয়ুথ ব্যাংক’ গঠন করে ৫ বছরে ৫০ লাখ চাকরি নিশ্চিত করা এবং নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ৫ লাখ উদ্যোক্তা তৈরি, ১৫ লাখ ফ্রিল্যান্সার তৈরি করার পরিকল্পনাও জানিয়েছে শফিকুর রহমানের দল।