এবার ছাত্র বিক্ষোভে উত্তাল ইরান

ইরানে গত মাসের ভয়াবহ দমন-পীড়নের পর আবারও বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভে নেমেছে দেশটির শিক্ষার্থীরা।

শনিবার নতুন সেমিস্টার শুরুর দিনে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো উত্তাল হয়ে ওঠে।

বিবিসি জানিয়েছে, তেহরানের বিখ্যাত শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি-তে শত শত শিক্ষার্থী একত্রিত হয়ে মিছিল ও স্লোগান দেয়।

গত মাসে দেশব্যাপী বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহতদের স্মরণে এই কর্মসূচি পালন করা হয়।

তেহরানের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদেও একই ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে।

এ বিক্ষোভ এমন সময়ে শুরু হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মুখে দাঁড়িয়ে আছে ইরান।

ইরানের সীমানার কাছে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের ওপর সীমিত সামরিক হামলার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।

সব মিলিয়ে অভ্যন্তরীণ অস্থিরতা আর বাইরের হুমকির কারণে মধ্যপ্রাচ্যের দেশটির পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।