নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে ‘একুশে পদক-২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করেন।
সকালে সচিবালয়ে বৈঠক শেষে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে যান প্রধানমন্ত্রী। পদক প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। রাষ্ট্রের পক্ষ থেকে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পদক দেওয়া হয়।
এ বছর মোট ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করা হয়েছে। চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পান ফরিদা আক্তার ববিতা। চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ সম্মাননা গ্রহণ করেন।
সংগীতে মরণোত্তর একুশে পদক দেওয়া হয় কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে। এছাড়া সংগীত দল হিসেবে সম্মাননা পায় জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে পদক গ্রহণের মধ্য দিয়ে গুণীজনদের প্রতি রাষ্ট্রের আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানো হয়। ভাষা আন্দোলনের মাসে এ সম্মাননা প্রদানকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীল চর্চার প্রতি রাষ্ট্রের অঙ্গীকারের প্রতীক হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।
