বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি যে কারণে

জনপ্রতিনিধি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপি থেকে নির্বাচিত এমপিরা।

এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে।

বিএনপি নেতারা জানিয়েছেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই সনদে থাকা সংস্কার প্রস্তাব সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন করার কথা।

মঙ্গলবার ঢাকার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।

সংবিধানে পরিবর্তন আনতে অন্তর্বর্তী সরকার সংসদের সদস্যদের শপথের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথের ব্যবস্থা করেছিল।

তবে বিএনপি এই অতিরিক্ত শপথ গ্রহণের পথে হাঁটেনি। কেন বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথের প্রয়োজন মনে করেনি৷ সে ব্যাখ্যা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে থাকতে হবে এবং এক্ষেত্রে কে শপথ নেওয়াবেন সে বিধান সংবিধানে থাকতে হবে।

“বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে।”