দুর্নীতি দমন করে সুশাসন প্রতিষ্ঠার ইশতেহার বিএনপির

শেষ মেয়াদে ক্ষমতায় থেকে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার লজ্জায় ফেলা বিএনপি এবার সুশাসন প্রতিষ্ঠার বার্তা দিয়ে নির্বাচনের ইশতেহার দিয়েছে।

শুক্রবার ঢাকায় দলটির চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার তুলে ধরেন।

তারেক রহমান বলেন, “নির্বাচনে জয়লাভ করলে আমাদের প্রধান লক্ষ্য থাকবে- দুর্নীতি দমন করে সুশাসন নিশ্চিত করা।”

৫১ দফার ইশতেহারে বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা, আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা, তরুণদের ভবিষ্যত নিশ্চিত করা, পরিবেশের সুরক্ষা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা এবং ডিজিটাল অর্থনীতি চালুর অঙ্গীকার করেছে।

তারেক রহমান জানান, ক্ষমতায় গেলে বিএনপি সংবিধান সংস্কার করে রাষ্ট্রব্যবস্থায় বেশকিছু মৌলিক পরিবর্তন আনতে চায়।

“সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানে পুনঃস্থাপন করা হবে।

“নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, একই সঙ্গে দলীয় প্রধানের পদেও অধিষ্ঠিত হতে পারবেন।”

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরিকল্পনাও জানান বিএনপির সুপ্রিমো।