এক ম্যাচ হাতে রেখেই চট্টগ্রামে টাইগারদের বিপক্ষে টি-২০ সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
২য় টি-২০ তে বাংলাদেশকে ১৪ রানে হারিয়েছে ক্যারিবীয়রা। এর ফলে ওয়ানডে সিরিজ হারের মধুর জবাব দিয়ে দিল সাই হোপের দল।
বোলারদের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানে আটকে রেখেছিল বাংলাদেশ। কিন্তু নড়েবড়ে ব্যাটিংয়ে সেই রানই তাড়া করতে পারেনি লিটন দাসের দল।
ম্যাচ শেষে বোলারদের কাছে দুঃখ প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস।
যদিও ব্যাট হাতে দারুণ জবাব দিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু অন্যদের সঙ্গ না পাওয়ায় দলকে জয় উপহার দিতে পারেন নি তিনি।
৪৮ বলে ৬১ রান করেছেন তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান এসেছে অধিনায়ক লিটন দাস ব্যাট থেকে। বাংলাদেশের ইনিংস থামে ৮ উইকেটে ১৩৫ রানে।
ক্যারিবীয়দের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড ও আকিল হোসাইন।
এর আগে টস জিতে ওপেনার অলিক আথানাজি আর ৩ নম্বরে নামা অধিনায়ক সাই হোপ ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা ভাল করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
আথানাজি ৫২ ও সাই হোপ ৫৫ রান করে আউট হলে ভেঙে পড়ে ক্যারিবীয়দের ব্যাটিং লাইন আপ।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ১৪৯ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
এর আগে ঢাকায় ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আর চট্টগ্রামে টানা ২ মাচে হেরে ৩ ম্যাচের টি-২০ সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ।
