নিজস্ব প্রতিবেদক:
জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ১৬ সাবেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করতে ট্রাইব্যুনালের নির্দেশ।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, পলাতক ওবায়দুল কাদের সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দিবে তদন্ত সংস্থা।
এর আগে সকালে বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
আওয়ামী লীগের আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলায়মান সেলিম, সাবেক এমপি ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
এর মধ্যে সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা আলাদা আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে প্রসিকিউশন।
