স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, গুরুতর আহত অবস্থায় ৩০ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে দেশটির কর্ডোবা শহরের কাছে আদামুজ এলাকায়।

যেভাবে স্পেনে ট্রেন দুর্ঘটনা ঘটে

স্পেনের রেল নেটওয়ার্কের একজন অপারেটর আদিফ জানান, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি ট্র্যাকে উঠে যায়।

এ সময় সেটি মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই শতাধিক মানুষ হতাহত হন।

মুখোমুখি সংঘর্ষের পর দুটো ট্রেনেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা যায়।