দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফারুক হাসান দুর্ঘটনার পর ফেসবুক লাইভে এসে জানান, ভোরে তাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় তিনিসহ সব যাত্রী কমবেশি আহত হন বলে জানান।
তিনি লাইভে বলেন, আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগামী ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়।
আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান বলেন, গাড়িতে যাত্রী ছিলেন প্রায় ১৫ জন। সবাই কমবেশি আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
