ভারতের কাশ্মিরে একটি পুলিশ স্টেশনে বিস্ফোরক বিস্ফোরিত হয়ে নিহত ৭

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে একটি পুলিশ স্টেশনে জব্দ করা বিস্ফোরকের বড় মজুত বিস্ফোরিত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক টিমের কর্মকর্তারা। তারা স্টেশনটিতে রাখা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন।

এনডিটিভি আরও জানিয়েছে আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

জম্মু ও কাশ্মির পুলিশ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছিলেন, কাশ্মিরের নওগাম পুলিশ স্টেশনে বিকট বিস্ফোরণের পর পুরো এলাকা আগুনে ঘিরে ফেলে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এঘটনার চার দিন আগেই ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে ভারত সরকার।